চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে একটি কাঁচা রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ইউনিয়নের বাখের আলী গ্রামে বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে RDRIDP প্রকল্পের আওতায় সড়কটি পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণ করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত রাস্তাটি পাকাকরণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। সড়কটি নির্মাণের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
তিনি আরও বলেন, সড়কটি পাকা হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সুবিধা হবে। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ মো. আব্দুল আলিম, এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির পাকাকরণ কাজ শেষ হলে চরবাগডাঙ্গা ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।