শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বরিশালের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নৈতিক শিক্ষার প্রসার, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মো. আঃ জব্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মৃধাসহ সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখতে হবে।
মতবিনিময় সভায় অভিভাবক ও শিক্ষকরা বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।