চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে মোহাম্মদ আবছার উদ্দীন চৌধুরী নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা আবছার উদ্দীন চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক রাশেদুল হাসান জানান, আহত ব্যক্তির ডান হাত, বাম পা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আহত আবছার উদ্দীন চৌধুরী কাঞ্চননগর এলাকার সাফায়েত হোসেন চৌধুরীর ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল বলেন, দুর্বৃত্তদের বিভিন্ন অপকর্মের তথ্য প্রশাসনকে দেওয়ার কারণে আবছার উদ্দীনের ওপর এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।