চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ দুই পিলার নির্মাণের পর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। খালের দুই পাশে দাঁড়িয়ে থাকা কংক্রিটের পিলার ছাড়া সেতুর মূল কাঠামোর কোনো অস্তিত্ব নেই। পিলার থেকে বেরিয়ে থাকা রডে মরিচা ধরেছে। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচাও পড়ে রয়েছে খালের পানিতে। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।
উপজেলার লেলাং ইউনিয়নের দমদমা গ্রামের ওমদা মিয়া সওদাগর বাড়ির পশ্চিম পাশে তেলপারই খালের ওপর সেতুটির নির্মাণকাজ চলছে। ১৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ২০২২-২৩ অর্থবছরে ১ কোটি ৭ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কিং করপোরেশন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জুনে সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে কাজ শুরু হয় ২০২৪ সালের জুনে। পরবর্তী সময়ে ২০২৫ ও ২০২৬ সালে দুই দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু নির্ধারিত ও বর্ধিত সময় পার হলেও নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পিআইও কার্যালয়ের তথ্যমতে, সেতুটির কাজের অগ্রগতি ৬০ শতাংশ। এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৬৬ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় ৬১ শতাংশ। তবে সরেজমিনে দেখা গেছে, খালের দুই পাশে নির্মিত দুটি পিলার ছাড়া দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নেই।
কাজে দীর্ঘসূত্রতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে তিন দফা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পিআইও কার্যালয়। এরপরও নির্মাণকাজ শেষ না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এদিকে সেতু না থাকায় দমদমা ও আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রতিদিনই খাল পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের একমাত্র ভরসা খালের ওপর তৈরি করা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বেশি। বর্ষা মৌসুমে পানির প্রবল স্রোতে সাঁকো ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। স্থানীয়রা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে সাঁকোটি তৈরি করে কোনোভাবে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, পিআইও কার্যালয় যদি মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে ঠিকাদারকে আরও কার্যকরভাবে তাগাদা দিত, তাহলে অনেক আগেই সেতুর কাজ শেষ হতে পারত। এ ক্ষেত্রে ঠিকাদার ও পিআইও কার্যালয়—উভয় পক্ষেরই গাফিলতি রয়েছে বলে মনে করেন তিনি।
লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন বলেন, দমদমা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সেতুর অভাবে কষ্ট করছেন। অনেক চেষ্টা ও তদবিরের পর নির্মাণকাজ শুরু হলেও ঠিকাদারের অবহেলায় বছরের পর বছর ধরে কাজটি অসমাপ্ত পড়ে রয়েছে। ঠিকাদার দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু নাসের বলেন, সেতুটির কার্যাদেশ ও প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে কার্যাদেশের মেয়াদও বাড়ানোর সুযোগ রয়েছে। নির্মাণকাজ শেষ না করায় ঠিকাদারকে তিনবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কাজ দ্রুত শেষ করতে তাঁকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে।
অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. এরশাদ বলেন, কয়েক দিনের মধ্যেই সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
তবে ঠিকাদারের নতুন আশ্বাসেও আশ্বস্ত হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর প্রতিশ্রুতি ও নির্মাণকাজের অপেক্ষায় থাকতে হচ্ছে। অথচ এখনো জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুর নির্মাণকাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।