নারী ফুটবলের প্রসার, তরুণীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট।
শনিবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় অংশ নেয় শাহজাদপুরের বালশাবাড়ি মহিলা ফুটবল একাদশ ও জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ।
খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো আক্রমণ, আবার কখনো পাল্টা আক্রমণে মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। নারী ফুটবলারদের দক্ষতা, গতি ও নৈপুণ্য দেখতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক ও সমর্থক। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার পর ট্রাইবেকারে জয়পুরহাট মহিলা ফুটবল একাদশ বিজয়ী হয়।
টুর্নামেন্টে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম মজনু, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, বিএনপি নেতা মোস্তফা কামাল, সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, মশিউর রহমান রাঙ্গা, রোকনুজ্জামান লেলিন, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সলঙ্গা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আজাহার আলী, যুবদল নেতা নজরুল ইসলাম মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
খেলার ধারাবিবরণী প্রদান করেন রাকিব হাসান।
আয়োজক ও অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।