প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন। এ সময় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) মহাসচিব শাহেদুল আজমও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক নানা বিষয় এবং পারস্পরিক কুশল বিনিময় নিয়ে আলোচনা হয়।
এ সময় রাহিদ মান্নান লেনিন সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গাসহ জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবন সংস্কার এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।