সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের টাকা ও স্বর্ণালংকারের জন্য নিজের মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর মায়ের মরদেহ বাড়ির একটি ট্রাঙ্কে লুকিয়ে রাখেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আশরাফ আলী (২১), তার বন্ধু রাহিম ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ির ট্রাঙ্ক থেকে মতিফুল (৬০) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ আলী পেশায় রাজমিস্ত্রি। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় প্রায়ই মাদকের টাকার জন্য মা-বাবার কাছে চাপ দিতেন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর প্রায়ই বিরোধ হতো। মায়ের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ ও তার বন্ধু রাহিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার বাড়িতে মাকে একা পেয়ে আশরাফ তাঁর গলার সোনার মালা ও কানের দুল দাবি করেন। মা দিতে অস্বীকৃতি জানালে বন্ধু রাহিমকে সঙ্গে নিয়ে ওড়না পেঁচিয়ে ও মুখ চেপে ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
পরে দুজন মিলে মরদেহ একটি বস্তায় ভরে বাড়ির বড় একটি ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখেন। এরপর নিহতের গলা থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার খুলে নিয়ে পাশের মৈত্র বড়হর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি আরও জানান, মঙ্গলবার রাতে মায়ের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে আশরাফ ও তাঁর বন্ধু রাহিম থানায় আসেন। এ সময় তাঁদের কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি সামনে আসে। একই সময়ে পরিবারের সদস্যরাও বাড়ির একটি ঘর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে।
গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকেও গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ