জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও উপকূলীয় জনপদ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশকর্মী, জেলে ও স্থানীয় নেতারা। তাঁরা বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি, শিল্পদূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য ও উপকূলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। সুন্দরবন রক্ষা করতে হলে উপকূলীয় পরিবেশ ও মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর চরে মানববন্ধন, মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, পশুর রিভার ওয়াটারকিপার, ক্লাইমেট অ্যাকশন ফোরাম, উদয়ন যুবসংঘ, আশা হফনুং ও সৈয়দ শাকিল ট্রাস্ট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন ফোরাম মোংলার সভাপতি ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। বক্তব্য দেন উদয়ন যুবসংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা সংগঠনের মেহেদী হাসান, জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম এবং লিডার্সের বদরুন্নেসা মিলি ও ফাতেমা জান্নাত।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি এশিয়ার ফুসফুস। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। সুন্দরবন রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ লাখের বেশি বনজীবী ও জেলের জীবন-জীবিকা এখন হুমকির মুখে। লবণাক্ততা বৃদ্ধি, কয়লা ও শিল্পদূষণে নদ-নদীর পানির গুণগত মান নষ্ট হচ্ছে এবং মাছের প্রাপ্যতা কমছে। নিরাপদ খাবার পানির সংকটও প্রকট হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ায় জেলে, বাওয়ালি, মৌয়ালসহ উপকূলের মানুষের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই উন্নত বিশ্বের কাছে দয়া বা অনুকম্পা নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম বলেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এতে নারী ও শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। দীর্ঘদিন লবণাক্ত পানি ব্যবহারের ফলে নারীদের প্রজননস্বাস্থ্যসহ নানা জটিলতা দেখা দিচ্ছে। তিনি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিঃশর্ত অর্থায়নের দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, জলবায়ু তহবিলের অর্থের বড় অংশ ঋণ হিসেবে নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অনুদান ও ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। পাশাপাশি ন্যায্য জ্বালানি রূপান্তর, সুপেয় পানির নিশ্চয়তা, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। সুন্দরবন ও উপকূল রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।