ডেঙ্গুর বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, ওষুধ ছিটানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহীবাগ, চক্ষু হাসপাতাল ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের দলনেতা ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. করিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ ছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য ও পৌরসভার কর্মচারীরা অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানো যথেষ্ট নয়। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, টব ও অন্যান্য সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তাঁরা আরও জানান, জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।