তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়ন কর্মসূচির নীতিমালা নিয়ে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা মোট অর্থায়নের ৫০ শতাংশ অনুদান এবং বাকি ৫০ শতাংশ ঋণ হিসেবে পাওয়ার সুযোগ পাবেন।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামের হলরুমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রায়গঞ্জ শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
রাকাবের রায়গঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মাহমুদ হোসাইনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন রাকাবের ঘুড়কা শাখার প্রিন্সিপ্যাল অফিসার কে এম সাব্বির হোসেন (সনেট)।
সভায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল নোমান কর্মসূচির লক্ষ্য, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অর্থায়নের শর্তাবলি বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি জানান, এ কর্মসূচিতে আবেদনের যোগ্য হতে হলে উদ্যোক্তার বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি আবেদনকারীর পূর্বে কোনো ব্যাংকঋণ গ্রহণের অভিজ্ঞতা থাকা যাবে না। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় ১০ জন করে তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচিত উদ্যোক্তাদের জন্য বরাদ্দ অর্থের অর্ধেক অনুদান এবং বাকি অর্ধেক ৫ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে প্রদান করা হবে। ঋণের অর্থ নির্ধারিত কিস্তিতে পরিশোধ করতে হবে। নির্ধারিত শর্ত অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে সম্পূর্ণ অর্থায়নের অর্থ সুদসহ ফেরত দিতে হবে। এ কর্মসূচির যাবতীয় আর্থিক লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।
সভায় বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, শেখ আব্দর রাজ্জাক জুয়েল, বিএনপি নেতা মো. খায়রুল মাস্টার, আব্দুর রাজ্জাক রানা এবং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।