কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে প্লাস্টিকের ঝুড়িতে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের মহেশখালী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুই নারী হলেন টেকনাফের হাবিলপাড়া এলাকার ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে প্রধান সড়কে অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়। সন্ধ্যায় একটি অটোরিকশা সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।
পরে অটোরিকশায় থাকা দুই নারী ও তাঁদের সঙ্গে বহন করা মালামাল তল্লাশি করা হয়। একপর্যায়ে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় দুই নারীকে আটক করে তাঁদের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্যের অবৈধ পাচার ও অপব্যবহার বন্ধে বিজিবির অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক দুই নারী ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।