সীমান্তের নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় নজরদারি আরও জোরদার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া সীমান্তের দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষায় জনগণের সহযোগিতা কামনা
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে বিজিবি। এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখা গেলে, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে কিংবা অন্য কোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দিতে হবে।
সীমান্ত সুরক্ষায় বিজিবির নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছে বিজিবি।