কক্সবাজারের টেকনাফে দায়িত্ব পালনরত বিজিবির বিশেষ টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় টহল দলের ব্যবহৃত পিকআপ গাড়ির তিনটি গ্লাস ভাঙচুর করা হয়। ঘটনার পর বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকার ফজল আহম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নিয়োজিত স্পেশাল বিজিবির একটি প্লাটুন ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে টহল দলের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিজিবির একজন সদস্য আহত হন। হামলায় টহল দলের পিকআপের পেছনের দরজাসহ মোট তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হয়। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং এসআরবির সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনরত সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।