চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রামের ঈদগাহসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ‘Kuf Relief’ (ইস্কাফ) সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।