সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার হোসেন (৭০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভূঁইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তার হোসেন বর্তমানে রায়গঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভূঁইয়াগাতী এলাকায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন শ্রমিক আক্তার হোসেন। কাজের একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় বাসিন্দা ও তাঁর সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এদিকে আহত শ্রমিকের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা।