রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি ও আশ্রয়শিবিরে পরিচালিত সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস সোফি হেলেন রাইস-জোনস।
তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থানরত ডাচেস সোফি মঙ্গলবার (১০ নভেম্বর) উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তিনি ক্যাম্পগুলোতে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম ঘুরে দেখবেন।
সফরসূচি অনুযায়ী, তিনি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে নারী ও শিশুর সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং মানবিক সহায়তা নিয়ে কাজ করা দেশি-বিদেশি সংস্থার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের জীবনযাপন, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে আয়োজিত এ সফরের অন্যতম উদ্দেশ্য হলো রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা। একই সঙ্গে শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে নারী ও শিশুদের নিরাপত্তা, অধিকার এবং ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পাবে।
ডাচেসের সফরকে ঘিরে উখিয়ার নির্ধারিত ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
উল্লেখ্য, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী ডাচেস সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। ২০১৭ সালের পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি ঢাকায় বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।