বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর আসিয়া কারিমিয়া হাফিজিয়া মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আছর মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা আলহাজ্ব মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, খলিফা ও পীর সাহেব, কাটিপাড়া। প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন আলহাজ্ব মাওলানা জাহিদুর রহমান (খুলনা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা তৈয়েবুর রহমান (মোংলা)।
মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদরাসার সভাপতি আলহাজ্ব শেখ সেলিম রেজা (বাচ্চু)।
এবারের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে ২০২৬ সালে এ মাদরাসা থেকে পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করা ছয়জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—হাফেজ মো. ইয়াজউদ্দীন (কানাইনগর, মোংলা), হাফেজ মো. মঈন শিকারী (মধ্য বুড়ুবুড়িয়া, সুন্দরবন, মোংলা), হাফেজ মো. ইমন কাজী (গোপালগঞ্জ), হাফেজ আরিফুজ্জামান (ফকিরহাট, বাগেরহাট), হাফেজ বিল্লাল জোমাদ্দার (বৈদ্যমারী, মোংলা) এবং হাফেজ আকরাম শেখ (চিলা গাবুরনিয়া, মোংলা)।
পুরো মাহফিল পরিচালনা করবেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. তারিকুল ইসলাম।
আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিলে নারীদের জন্য পৃথক পর্দার আড়ালে বসে ওয়াজ শোনার সুব্যবস্থা রাখা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে মাহফিলে অংশগ্রহণ করে দ্বীনি আলোচনা শ্রবণ ও দোয়া-মোনাজাতে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আসন্ন মাহফিলকে কেন্দ্র করে কানাইনগরসহ আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।