আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। এ দিন জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। দেশের অগ্রগতি ও সার্বভৌমত্ব অটুট রাখতে জাতীয় ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস ও দিবসটির গুরুত্ব তুলে ধরার ওপর তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভারপ্রাপ্ত মো. আনিসুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বক্কর প্রমুখ।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গানের মনোজ্ঞ পরিবেশনা। সংগীতের সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।