আগামীকাল (বৃহস্পতিবার) ৫ নভেম্বর মোংলা বন্দর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোংলায় এটি হবে তার দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা ও সুন্দরবন ঘুরে দেখেন।
বন্দর কর্তৃপক্ষের মতে, সরকার প্রধানের এই সফরের মাধ্যমে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে।
এ প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা জানান, ৫ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে নতুন দুটি কন্টেইনার জেটি নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরকালে এ সংক্রান্ত চুক্তি সই হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটি নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। নতুন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৭৫ কোটি টাকা এবং চীন অর্থায়ন করবে ৩ হাজার ৫৯৩ কোটি টাকা।
বন্দর চেয়ারম্যান বলেন, ৩৬৮ মিটার দীর্ঘ ওই কন্টেইনার টার্মিনালের সঙ্গে ইয়ার্ড নির্মাণ করা হবে। সেখানে বিপজ্জনক পণ্য হ্যান্ডলিংয়ের ব্যবস্থাও রাখা হবে। নতুন কন্টেইনার ইয়ার্ডে ৪৯টি আধুনিক ইকুইপমেন্ট থাকবে। এতে প্রতি ঘণ্টায় ৩০টির বেশি কন্টেইনার খালাস করা সম্ভব হবে। ফলে বছরে চার লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।
একইদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর হবে তার মাধ্যমে মোংলা বন্দরের সঙ্গে রেলপথের সংযোগ তৈরি হবে। এর ফলে আইসিটি থেকে পণ্য মোংলা বন্দরে আসবে এবং পরবর্তীতে সেই পণ্য মোংলা বন্দরের জেটি দিয়ে শিপমেন্ট করা হবে।
বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাট যাবেন। সেখানে হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত শেষে খুলনায় যাবেন। খুলনায় নতুন কুঁড়ি সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তিনি।