সাইবার বুলিং, অশ্লীল ভাষায় আক্রমণ ও প্রাণনাশের হুমকির মুখে সরকারি চাকরি ছাড়ার আবেদন করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. মো. জয়নাল আবেদিন মুহুরী। গত ৭ সেপ্টেম্বর তিনি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তবে কর্তৃপক্ষ এখনো তাঁর আবেদন মঞ্জুর করেনি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে।
এদিকে চিকিৎসকের নিয়মিত অনুপস্থিতিতে বিপাকে পড়েছেন ফটিকছড়ির শিশু রোগী ও তাদের অভিভাবকেরা। হাসপাতালে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে।
সম্প্রতি তিন বছর বয়সী ছেলেকে নিয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন আব্দুস সালাম। শিশুটি ব্যথায় কষ্ট পাচ্ছিল। তিনি খুঁজছিলেন পরিচিত শিশু বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদিন মুহুরীকে। কিন্তু হাসপাতালে তাঁকে না পেয়ে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়। পরে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে ছেলেকে দেখান তিনি। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
আব্দুস সালাম বলেন, ‘হাসপাতালে এসে ওনাকে পাইনি। পরে প্রাইভেটে দেখিয়ে ছেলে এখন ভালো, আলহামদুলিল্লাহ। তিনি অনেক ভালো ডাক্তার।’
রোগীদের কাছে জনপ্রিয় এই চিকিৎসক ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (শিশু) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর অনুপস্থিতিতে সরকারি পর্যায়ে শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন রোগী ও স্বজনেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে প্রায় ১০ শতাংশ শিশু। অর্থাৎ প্রতিদিন ৭০ থেকে ৮০ জন শিশুর চিকিৎসার প্রয়োজন হয়। এতদিন উপজেলায় সরকারি পর্যায়ে শিশু চিকিৎসার অন্যতম প্রধান ভরসা ছিলেন ডা. মুহুরী।
রোগী ও তাঁদের স্বজনদের ভাষ্য, শিশু বিশেষজ্ঞ হলেও তিনি শুধু শিশুদের নয়, বিভিন্ন বয়সের রোগীকেও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিতেন। রোগীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন, প্রয়োজন ছাড়া পরীক্ষা-নিরীক্ষা দিতেন না। অসচ্ছল রোগীদের কখনো কখনো নিজের অর্থ থেকেও সহায়তা করতেন। এসব মানবিক আচরণের কারণে ফটিকছড়িজুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে।
করোনা মহামারির কঠিন সময়েও তিনি চিকিৎসাসেবা চালিয়ে গেছেন। একপর্যায়ে নিজেও করোনায় আক্রান্ত হন। সুস্থ হওয়ার পর আবারও রোগীদের সেবায় নিয়োজিত হন।
মো. আলীর শিশুসন্তান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও আশানুরূপ ফল পাননি তাঁরা। পরে ডা. মুহুরীর চিকিৎসায় শিশুটি সুস্থ থাকে।
মো. আলী বলেন, ‘এই ডাক্তারের চিকিৎসা আর ওষুধে আল্লাহ সন্তানকে সুস্থ রেখেছেন। আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করি, যেন তিনি ভালো থাকেন, এভাবে মানুষের সেবা করতে পারেন।’
চিকিৎসা নিতে আসা শাকিলা জাহান বলেন, ‘উনি না থাকায় আমাদের অনেক সমস্যা হচ্ছে। উনার আচরণ খুব ভালো। আমরা চাই তিনি আবার স্বপদে ফিরে আসুন।’
এদিকে রোগী ও সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে আবার নিয়মিত হাসপাতালে ফেরানোর দাবি উঠেছে। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম।
তিনি বলেন, ‘মানবিক চিকিৎসক হিসেবে তিনি উপজেলায় পরিচিত। এটা স্বাস্থ্যসেবার জন্য দৃষ্টান্ত। কিন্তু সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণে তাঁর মতো একজন চিকিৎসক হেরে গেলে সেটা আমাদের জন্য অশনিসংকেত। কর্তৃপক্ষ তাঁর আবেদন পুনর্বিবেচনার জন্য রেখেছে।’
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সাইবার বুলিং ও প্রাণনাশের হুমকির বিষয়টি প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
তিনি আরও জানান, রোগী ও সহকর্মীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ডা. মুহুরী শিগগিরই এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন।
চাকরিতে ফিরবেন কি না, জানতে চাইলে ডা. জয়নাল আবেদিন মুহুরী ভারাক্রান্ত কণ্ঠে বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, রোগী আর অসংখ্য শুভাকাঙ্ক্ষী স্বপদে ফিরতে অনুরোধ করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে এখনো ভাবিনি। আশা করছি, একদিন সবার শুভবুদ্ধির উদয় হবে।’
ডা. মুহুরীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ফটিকছড়ির অসংখ্য অভিভাবক। তাঁদের কাছে বিষয়টি কেবল একজন চিকিৎসকের ফিরে আসার নয়; বরং অসুস্থ সন্তানকে নিয়ে সরকারি হাসপাতালে গেলে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার নিশ্চয়তার সঙ্গেও জড়িত।