চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিপ্লোমেসি চাকমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা ২০১৯ সালে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেন।
উল্লেখ্য, ফটিকছড়ি উত্তর উপজেলা প্রতিষ্ঠার পর থেকেই এর সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে উত্তর ফটিকছড়ির তিনটি ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।