কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে সক্রিয়তা বাড়িয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ ও শোডাউন করেন তিনি।
এ সময় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন তাঁর সমর্থকেরা। শোডাউনকে ঘিরে করিমগঞ্জের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথে সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন জালাল মোহাম্মদ গাউস। পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস বলেন, দলের কঠিন সময়ে রাজপথে থেকে নেতাকর্মীদের সঙ্গে ছিলেন এবং তাঁদের পাশে দাঁড়িয়েছেন। আগামী ১০ জানুয়ারির কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দল তাঁকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে করিমগঞ্জ ও তাড়াইলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আসনটি বিএনপিকে উপহার দিতে চান। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় গত ১৭ নভেম্বর কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।