বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ লাখ টাকা ব্যয়ে কেনা নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সটির চারটি চাকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। এতে নতুন এই অ্যাম্বুলেন্সটি অচল হয়ে পড়েছে। ফলে জরুরি রোগী পরিবহন সেবা নিয়ে দেখা দিয়েছে নতুন সংকট।
স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি উদ্বোধনের পরদিনই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সুযোগ বুঝে গাড়িটির চারটি চাকা ও প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এতে দীর্ঘদিন ধরে নানা সংকটে থাকা হাসপাতালটির জরুরি রোগী পরিবহন ব্যবস্থায় নতুন করে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
ঘটনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।
এদিকে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, শয্যাস্বল্পতা, জরাজীর্ণ ভবন, অপর্যাপ্ত টয়লেট ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি।
হাসপাতালটিতে কাগজে-কলমে ৫০ শয্যার অনুমোদন থাকলেও বাস্তবে শয্যা রয়েছে মাত্র ১৯টি। ৪১ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৬ জন। প্রতিদিন বহির্বিভাগে গড়ে প্রায় ৫৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের আবাসিক ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির পানি কক্ষের ভেতরে প্রবেশ করছে এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লেলিন জানান, হাসপাতালের আবাসিক ভবনগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। দ্রুত এসব সমস্যার সমাধান করা না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন জানান, দেশের ৫৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকাজের তালিকায় মোল্লাহাটও রয়েছে। হাসপাতালের অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ অবস্থায় অ্যাম্বুলেন্স চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হাসপাতালের দীর্ঘদিনের অবকাঠামোগত ও জনবল সংকট নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দ্রুত অ্যাম্বুলেন্সটি সচল করে সাধারণ মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।