জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং জাপানে বসবাসের নানা সুযোগ-সুবিধা সম্পর্কে তরুণদের ধারণা দিতে বরিশালে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বরিশাল শিল্পকলা একাডেমিতে কে আর ডে কেয়ার অ্যান্ড স্কুলের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকাবায়াশি কুনিয়াকি, সৈয়দ মাসুদুর রহমান, তোমোকো ইয়াসুদা, নানাকো নিশিমুরা ও রিয়াজ গাজীসহ বিভিন্ন পর্যায়ের অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেমিনারে জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা, দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ, কর্মসংস্থানের ক্ষেত্র এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, বৃত্তি পাওয়ার সুযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশটিতে বসবাসের নিয়মকানুন নিয়েও আলোচনা করেন বক্তারা।
এ সময় জাপানে অবস্থানরত অভিজ্ঞ ব্যক্তিরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বিশেষজ্ঞদের নিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়। আলোচনায় জাপানি শিক্ষা ও কর্মজীবনে প্রস্তুতির ক্ষেত্রে ‘কোকোরোজাশি মেথড’-এর গুরুত্বও উঠে আসে।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক শিক্ষা ও শ্রমবাজারে নিজেদের প্রস্তুত করতে তরুণদের জাপানি ভাষা শেখা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।