সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার শৈশবের অনেক চিরচেনা দৃশ্য। একসময় ধান কাটার মৌসুম শেষে ফাঁকা মাঠে দল বেঁধে ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করা ছিল গ্রামীণ শিশু-কিশোরদের অন্যতম আনন্দের কাজ। শীতের সকালে কুয়াশাভেজা মাঠে একমুঠো ধানের সন্ধানে গর্তে গর্তে ঘুরে বেড়ানোর সেই স্মৃতি আজও অনেকের মনে জাগিয়ে তোলে ফেলে আসা দিনের গল্প।
সম্প্রতি রায়গঞ্জের একটি ধান কাটা মাঠে দেখা যায় শৈশবের সেই পরিচিত দৃশ্য। কয়েকজন কিশোর দল বেঁধে ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করছে। একজন গর্তের ভেতরে হাত ঢুকিয়ে ধান বের করছে, আর অন্যরা তা থালা ও গামলায় জমা করছে। তাদের চোখেমুখে আনন্দ আর ব্যস্ততা।
গ্রামবাংলার প্রচলিত এই রীতিতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা ধান কিংবা ইঁদুরের গর্তে জমিয়ে রাখা শস্য সংগ্রহ করত শিশু-কিশোররা। পরে এসব ধান বিক্রি করে নিজেদের ছোটখাটো প্রয়োজন মেটানো কিংবা বাড়িতে জমিয়ে রাখত তারা। কখনো সেই ধান দিয়ে তৈরি হতো পিঠাপুলি, কখনো মিলত পরিবারের জন্য বাড়তি কিছু আনন্দ। এভাবেই মাঠে মাঠে ঘুরে ধান সংগ্রহ করা হয়ে উঠেছিল গ্রামীণ শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ।
তবে আনন্দের এই স্মৃতির আড়ালে রয়েছে কিছু বিপজ্জনক দিক। ধানক্ষেতের ইঁদুরের গর্তে ইঁদুরের পাশাপাশি বিষধর সাপ ও অন্যান্য সরীসৃপ আশ্রয় নিতে পারে। অসাবধানতাবশত গর্তে হাত ঢোকাতে গিয়ে সাপের কামড়সহ নানা দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা থাকে শিশুদের। সময়মতো চিকিৎসা না পেলে এমন ঘটনা প্রাণঘাতীও হতে পারে।
তাই গ্রামীণ ঐতিহ্যের এই দৃশ্য যতই আকর্ষণীয় হোক, শিশুদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। অভিভাবকদের সচেতনতা ও সতর্ক নজরদারি জরুরি। বিশেষ করে শিশুদের দিয়ে অপরিচিত গর্তে হাত ঢুকিয়ে ধান সংগ্রহ না করানো এবং কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন।
প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামীণ জীবনযাত্রা। হারিয়ে যাচ্ছে শৈশবের অনেক চেনা অভ্যাস। ইঁদুরের গর্তে ধান খোঁজার সেই দিনগুলো হয়তো একসময় স্মৃতির পাতাতেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু ঐতিহ্যের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাও এখন সময়ের দাবি।