জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভারপ্রাপ্ত মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, জেলা জাসাসের সভাপতি ও গীতিকার-লেখক মোহা. জোনাব আলী এবং নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তির চেতনার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীতের প্রতিটি ক্ষেত্রে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটেছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের তাঁর সাহিত্য, সংগীত ও জীবনদর্শন সম্পর্কে জানার পাশাপাশি আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অবদান চিরস্মরণীয়। তাঁর লেখায় বিদ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে সম্মিলন ঘটেছে, তা সব সময়ের মানুষের জন্য প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ বাস্তব জীবনে চর্চা করতে হবে।
সেমিনারে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত এবং সমাজ সংস্কারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন সমাজ গঠনের দর্শন বর্তমান সময়েও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসব মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।