উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং মৎস্যসম্পদ ও জেলেদের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে মোংলায় মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে কৃষি, খাদ্য নিরাপত্তা ও উপকূলীয় মানুষের সুরক্ষায় শর্তহীন জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকালে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর তীরে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে। চারদিকে পানি থাকলেও মানুষের ব্যবহারের উপযোগী সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের নারী, কৃষক ও জেলেরা। অন্যদিকে আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলন থেকেও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট অর্থায়নের আশ্বাস পাওয়া যাচ্ছে না।
‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্যসম্পদ ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’—এই দাবিতে আয়োজিত কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)। এতে কয়েক শ উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা অংশ নেন। তাঁরা পানি-শূন্য কলস, মাছ ধরার জাল ও জলবায়ু ন্যায্যতার দাবিসংবলিত ফেস্টুন হাতে কর্মসূচিতে যোগ দেন।
সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখ। বক্তব্য দেন উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, জলবায়ুযোদ্ধা ও নারীনেত্রী রত্না শেখ, তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার ও জরিনা বেগমসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে তীব্র লবণাক্ততা বড় দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। চারদিকে পানি থাকলেও খাবার পানির সংকটে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম দায়ী হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে এ দেশের কৃষক, জেলে, উপকূলীয় নারী ও গ্রামীণ জনগোষ্ঠীকে।
তিনি আরও বলেন, বৈশ্বিক অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হলেও এ খাতে অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। জলবায়ুসংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে। তাই কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কৃষি ও খাদ্য ব্যবস্থার জন্য প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দের দাবি জানান তিনি। এ অর্থ ক্ষুদ্র কৃষকদের ঋণ নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বানও জানান।
উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ। কৃষি খাত এখনো আমদানিনির্ভর জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশে ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ ডিজেলে চলে এবং প্রতিবছর অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নের ৬৫ শতাংশ ঋণ হিসেবে আসছে উল্লেখ করে তিনি কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন, লবণাক্ততার কারণে উপকূলীয় নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্মরোগ, টাইফয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি এবং কপ সম্মেলনে উপকূলীয় নারী, জেলে ও কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে না দিয়ে শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে নারী, জেলে, আদিবাসী ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও জীবন-জীবিকা সুরক্ষায় ন্যায্য রূপান্তর নিশ্চিত করা এখন সময়ের দাবি। উপকূলীয় মানুষের সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন ও মৎস্যসম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।