কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন দুই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে গেলে সেগুলো তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মিজানের ঘের নামক স্থানে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা ব্যাগ দুটি ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও তাঁদের খুঁজে পাওয়া যায়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক পাচার ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।