সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া দুটি সড়কে নিজস্ব অর্থায়নে রাবিশ (ইটের খোয়া ও গুঁড়া) ফেলে সংস্কারকাজ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বাবলু।
শুক্রবার (১৩ নভেম্বর) তিনি ইউনিয়নের নিমগাছী উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক এবং করিতলা মোড় এলাকার রাস্তায় এ সংস্কারকাজের উদ্যোগ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছী উচ্চবিদ্যালয়ের সামনের সড়কটি প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। একই সঙ্গে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটত।
এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে জাহিদুল ইসলাম বাবলু ব্যক্তিগত অর্থায়নে সড়ক দুটিতে রাবিশ ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কগুলোতে চলাচলে সমস্যা হচ্ছিল। ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের ফলে আপাতত তাঁদের চলাচলে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করছেন তারা।