বাগেরহাটের মোংলায় জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘট পালনের চেষ্টা করার অভিযোগে রাব্বি হাওলাদার (নামে এক ছাত্রলীগ কর্মী) আটক হয়েছেন। এ সময় স্থানীয়দের হাতে মারধরের শিকার হওয়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
গতকাল রাতে তিনি জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা তাকে বাধা দেন এবং মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক চন্দ্র গাইন জানান, বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে রাব্বি হাওলাদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।