ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এ আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বেলকুচি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্থানীয় দুটি দল অংশ নেয়। খেলা শুরুর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, উপজেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি উপভোগ্য হয়ে ওঠে। নির্ধারিত সময়ের খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের চেতনায় দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব বিশেষভাবে প্রতিফলিত হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।