বরিশালে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ‘ভিপি মশিউল আলম সেন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী অংশ নেন।
টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।