ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)।
সভাপতির বক্তব্যে গোলাম জাকারিয়া ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং যেকোনো আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) ও যুগ্ম আহ্বায়ক মুহাঃ হায়াত উদ্দোলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি আব্দুর রহমান অনু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহা. শাহনেওয়াজ খাঁন সিনা, বিএনপি নেতা ওবাইদুল পাঠান, ইসমাইল হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ও তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।