চট্টগ্রামের ফটিকছড়িতে রাষ্ট্রীয় সম্মাননা ও যথাযথ মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মো. বোরহান উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার হাইদচকিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করে।
জানাজায় অংশ নেন ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আমিনুল হকসহ বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, মো. খায়রুল বশর, ইয়াছিন, মো. শফিউল আলম, মো. এমদাদুল ইসলাম চৌধুরী, জাগির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মরহুমের বড় ভাই মো. আফতাব উদ্দিন চৌধুরী, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপ্ন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।