চাঁপাইনবাবগঞ্জে সফরকালে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতারা।
পরে বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা ও বাবুডাইং এলাকায় কৃষকদের বিভিন্ন কৃষি উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি গ্রীষ্মকালীন বিষমুক্ত টমেটো চাষসহ আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদনের কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকদের উদ্যোগের প্রশংসা করেন।
পরিদর্শনকালে সার সরবরাহ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা পূরণে প্রতিটি ইউনিয়নে সার ডিলারের সংখ্যা দুইজন থেকে বাড়িয়ে তিনজন করা হয়েছে। চলতি মাসেও চাহিদা বিবেচনায় সারের সরবরাহ বাড়ানো হয়েছে।
তবে সার বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ৯০ দিনের মধ্যে তাঁর লাইসেন্স বাতিল করা হবে।
কৃষির বহুমুখীকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমবাগানের ফাঁকা জমিতে সাথি ফসল হিসেবে আদা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানে আদা চাষ সম্প্রসারণ করা গেলে আমদানির ওপর নির্ভরতা কমবে এবং কৃষকরা অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন।
তিনি বলেন, কৃষিকে স্বাবলম্বী করার পাশাপাশি রপ্তানিমুখী খাতে পরিণত করতে সরকার কাজ করছে। এ জন্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্যসচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, বিএনপি নেতা ওবাইদুল পাঠানসহ কৃষি ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া সফরসংশ্লিষ্ট কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।