চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও এরফান গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এরফান আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় নবাবগঞ্জ টাউন ক্লাবে সাধারণ ব্যবসায়ী ও সুধী সমাজের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার সমিতির সাবেক সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এরফান আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান।
স্মরণসভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি দানিউল হক, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকবর হোসেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি তরিকুল আলম সিদ্দিকী নয়ন, জেলা মিল মালিক গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শামসুল হক এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ।
বক্তারা বলেন, এরফান আলী শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন মানবিক ও সমাজসচেতন একজন মানুষ। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর কর্ম ও মানবিক উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। স্মরণসভাটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক।
উল্লেখ্য, এরফান আলী ১৯৬০ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটী বারোরশিয়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে একটি হাসকিং মিলের মাধ্যমে চাল উৎপাদনের ব্যবসা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ২০০১ সালে অটোমেটিক রাইস মিল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁর ব্যবসায়িক সাফল্যের নতুন অধ্যায় সূচিত হয়। ধীরে ধীরে সেই উদ্যোগ বিস্তৃত হয়ে গড়ে ওঠে এরফান গ্রুপ।
বর্তমানে গ্রুপটির অধীনে উৎপাদন, সেবা ও বাণিজ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাত হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। দেশের বাজারের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইডেনসহ বিভিন্ন দেশে এরফান গ্রুপের চাল রপ্তানি হচ্ছে।
কৃষি বাণিজ্য ও খাদ্যপণ্য উৎপাদনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে গ্রুপটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড ফর অ্যাগ্রো কমার্স এবং একই বছর স্বাধীনতা সংসদ অ্যাওয়ার্ড অর্জন করে। এ ছাড়া ২০১৩ সালে ব্যাংক-বিমা-শিল্প বিজনেস অ্যাওয়ার্ড লাভ করে। এরফান আলী ও তাঁর প্রতিষ্ঠান একাধিকবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা হিসেবেও স্বীকৃতি পেয়েছে।
সফল এই শিল্পোদ্যোক্তা ২০২৪ সালের ৩ নভেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় বক্তারা তাঁর অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।