চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মোঃ মাসুম আলী (৩০) ও মোঃ মেহেদী হাসান (২৮)।
এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের অপারেশন দল জানায়, গোপন গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মাসুম ও মেহেদীকে আটক করা হয়।
অভিযানকালে সাক্ষীদের উপস্থিতিতে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা ককটেল ও রামদাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে এসআরবি কর্তৃপক্ষ।