সিরাজগঞ্জের সলঙ্গায় আমশড়া ফাজিল মাদ্রাসার এবারের আলিম পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ২১ জন শিক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
গত শনিবার প্রকাশিত ফলাফলের পর থেকেই এ নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একসময় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত মাদ্রাসাটির এমন ফলাফলে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠানপ্রধানের অনিয়ম, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি না থাকা, পাঠদানে অবহেলা, অর্থের বিনিময়ে অযোগ্য শিক্ষক নিয়োগ, নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি এবং পরিচালনা পর্ষদের দুর্বল ব্যবস্থাপনার কারণে শিক্ষার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদারকির অভাবও প্রতিষ্ঠানটির এমন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন তারা।
স্থানীয় সচেতন মহলের দাবি, এসব সমস্যা দ্রুত সমাধান করে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রমে জবাবদিহি প্রতিষ্ঠা এবং শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।
তবে ফলাফল বিপর্যয়ের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, মাদ্রাসাটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির ঘাটতি রয়েছে। পাশাপাশি পড়াশোনায় অমনোযোগিতা, মোবাইল ফোনের প্রতি আসক্তি এবং অভিভাবকদের পর্যাপ্ত সচেতনতা ও তদারকির অভাবও খারাপ ফলাফলের অন্যতম কারণ বলে তিনি মনে করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও সবাই অকৃতকার্য হয়েছে। এতে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির এমন ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান, পাঠদানের পরিবেশ উন্নয়ন, শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা এবং প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও অবনতির ঝুঁকিতে পড়বে।