সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়নের বিশ্বরোডের দুই পাশে দোকানপাট বসিয়ে ও করাতকলের কাঠের গুঁড়ি স্তূপ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে সংকুচিত হয়ে পড়েছে চলাচলের জায়গা। প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে চায়ের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। পাশাপাশি রাস্তার পাশে করাতকলের কাঠের গুঁড়ি ও নানা ধরনের মালামাল রেখে দখল করে রাখা হয়েছে চলাচলের জায়গা। ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি বেড়েছে। এক শিক্ষার্থীর অভিভাবক জানান, তাঁর মেয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তার পাশে রাখা করাতকলের কাঠের গুঁড়ির কারণে প্রায় দুর্ঘটনার মুখে পড়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এসব প্রতিবন্ধকতা সরানো জরুরি।
এদিকে, সড়কে অটোরিকশার চলাচল বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে দোকানপাট ও কাঠের গুঁড়ি, অন্যদিকে যানবাহনের চাপ—সব মিলিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে।
স্থানীয় বাসিন্দা সুবল নাথ বলেন, “সরকার রাস্তার দুই পাশে মানুষের চলাচলের সুবিধার জন্য জায়গা রেখেছে। কিন্তু সেখানে দোকানপাট বসানো এবং কাঠের গুঁড়ি রেখে জায়গা দখল করে রাখায় আমরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি না। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।”
আরেক বাসিন্দা আকাশ মাহমুদ বলেন, “বর্তমানে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে। দোকানপাট ও অটোরিকশার কারণে পথচারীরা সমস্যায় পড়ছেন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক।”
অভিযোগের বিষয়ে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান জবা দই ঘরের মালিক ভোজন ঘোষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কাঠের খড়ি রাখছি। ওখান দিয়ে কেউ যাতায়াত করে না। আপনারা যা পারেন, তাই লেখেন।”
অন্যদিকে, ফুটপাত দখলের অভিযোগে জারিফ সাইকেলের মালিক জাকারিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি আমার জায়গায় রাখছি। কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার এত কিসের সমস্যা?”
এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রওশন কবির জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের দুই পাশের অবৈধ দখল এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মালামাল দ্রুত সরিয়ে নিতে হবে। একই সঙ্গে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চান্দাইকোনা বিশ্বরোডকে পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।