চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অবৈধভাবে টিলা শ্রেণির জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি মিনি ট্রাক আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির আহমেদ (৫২) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত এবং রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই দফায় এ অভিযান পরিচালিত হয়। আনসার ও ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্যাহ।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হালদা নদীর পাশে টিলা শ্রেণির জমি থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মিনি ট্রাক আটক করা হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মনির আহমেদকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ফজল আহমেদের ছেলে। একই সঙ্গে ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া মাটি কাটবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।