সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—এমন প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মোঃ জহুরুল ইসলাম মাস্টার। নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশার পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া চেয়েছেন তিনি।
সম্প্রতি তাঁর প্রার্থিতা ঘোষণা করে একটি নির্বাচনী ব্যানার প্রকাশ করা হয়েছে। এতে ‘আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে’ স্লোগান তুলে ধরে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
রাজনৈতিক জীবনে জহুরুল ইসলাম মাস্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। তাঁর নির্বাচনী ব্যানারে একাধিকবার কারানির্যাতিত নেতা হিসেবেও পরিচয় তুলে ধরা হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রসঙ্গে জহুরুল ইসলাম মাস্টার বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের মানুষের সঙ্গে থেকে কাজ করে আসছেন। নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করতে চান। বিশেষ করে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং নাগরিক সেবার মান বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
তিনি আরও বলেন, ‘আমি এমন একটি ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। দল-মত নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান অধিকার ও মর্যাদা পাবেন। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে একটি জনবান্ধব পরিষদ প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।’
এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি। দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়েই নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিয়েছেন জহুরুল ইসলাম মাস্টার।