মোংলা বন্দরে এসে পৌঁছেছে মোলাসেস বা চিটাগুড়বাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি হাই-হং’। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এতে রয়েছে ৮ হাজার ২৫০ মেট্রিক টন চিটাগুড়, যা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার প্রোবোলিংগো বন্দর থেকে চিটাগুড় নিয়ে মোংলায় এসেছে। বন্দরে পৌঁছানোর পর দুপুর থেকেই লাইটারেজের মাধ্যমে পণ্য খালাস করে ট্যাংকে সংরক্ষণের কাজ শুরু হয়েছে। পরে এসব চিটাগুড় ট্রাকে করে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হবে।
তিনি জানান, মোংলা বন্দরে এটি চিটাগুড়ের চতুর্থ চালান। ২০২৪ সাল থেকে বিদেশ থেকে সরাসরি এ বন্দরের মাধ্যমে চিটাগুড় আমদানি করা হচ্ছে।
গবাদিপশুর খাদ্য তৈরির অন্যতম উপাদান হিসেবে চিটাগুড়ের চাহিদা দেশের উত্তরাঞ্চলে বেশ ভালো। দেশে আখ উৎপাদিত হলেও চাহিদা পূরণে মূলত বিদেশ থেকে এ পণ্য আমদানি করতে হচ্ছে।
নাবিল ইসলাম বলেন, মোংলা বন্দরের নাব্যতা সংকটের কারণে বড় আকারের জাহাজ আনা সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর তুলনামূলক ছোট জাহাজে করে চিটাগুড় পরিবহন করতে হয়েছে। বন্দরের নাব্যতা বাড়াতে নিয়মিত ড্রেজিং ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বড় জাহাজও এখানে আনা সম্ভব হবে। এতে পণ্য পরিবহনে সময় ও ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।