কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে তাড়াইল উপজেলা সাব-রেজিস্ট্রেশন অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
পরে উপজেলা যুবদলের আহ্বায়ক সৈকত সিদ্দিকী বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও কারানির্যাতিত নেতা জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল হাই আজাদ। এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি আখলাকুল ইসলাম অঙ্কুর, শরিফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব, বিএনপি নেতা আব্দুল হাকিম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপুসহ আফরোজ আলম শামীম, তানবীর, রহিচ উদ্দিন মোল্লা, পারভেজ, আলম, আশ্রাফ ও দানুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।