কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক ও দুই কিশোরকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউসুফ (৪৩) এবং উনচিপ্রাংয়ের ২২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউনুস (৩১)। উদ্ধার হওয়া কিশোরেরা হলো সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। তাদের দুজনেরই বয়স ১৪ বছর। তারা উখিয়ার বালুখালী ৮ নম্বর (ই) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরকে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে গত ৬ অক্টোবর বালুখালী থেকে নৌকাযোগে মিয়ানমারে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৯৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে দুই কিশোরকে উনচিপ্রাং এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসার সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে দুই কিশোরকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬, ৭ ও ২২ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে। ২৩ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ৮৩।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার হওয়া দুই কিশোর ও তাদের পরিবারের সদস্যদের এপিবিএনের নিরাপত্তা পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।