সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও মহিলা কর্মী সমাবেশ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম। তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
রোববার বেলা ১১টার দিকে সুতাহাটি বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁর নির্বাচনী গণসংযোগ শুরু হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুতাহাটি বাজার চত্বরে আয়োজিত মহিলা কর্মী সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মী ও শত শত নারী কর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম বিভিন্ন গ্রাম, হাটবাজার ও এলাকায় গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন তিনি। বক্তারা তাঁকে তরুণ প্রজন্মের পছন্দের মুখ, ত্যাগী রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে উল্লেখ করে তাঁর দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, “আমি কোনো ব্যক্তিগত লোভ বা স্বার্থের জন্য চেয়ারম্যান প্রার্থী হতে চাই না। রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সেবক হতে চাই। ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধান, জনসেবাকে অগ্রাধিকার দেওয়া এবং একটি সুন্দর ও সমৃদ্ধ রামকৃষ্ণপুর গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বিএনপি নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা লেবু তালুকদার, প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব, জাহিদ তালুকদার, ছাত্রদল নেতা সজিব আহমেদ জয়, মহিলা নেত্রী সাবরিনা আক্তার রিজুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ ও গণসংযোগ শেষে আমিরুল ইসলাম স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।