বরিশালের বিসিক শিল্পনগরীতে অবস্থিত বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শনিবার (১৭ অক্টোবর) কাউনিয়ায় অবস্থিত কারখানাটি পরিদর্শনে গিয়ে তিনি উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান এবং শ্রমিকদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ, স্থানীয় অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির মতো উৎপাদনমুখী প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এ ধরনের প্রতিষ্ঠানের সম্প্রসারণ ঘটলে বরিশালসহ দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, খাদ্যপণ্য উৎপাদনে গুণগত মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার পাশাপাশি ভোক্তাদের আস্থা অর্জন জরুরি। একই সঙ্গে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাঁদের ন্যায্য অধিকার রক্ষায় গুরুত্ব দিতে হবে। দেশীয় শিল্পের বিকাশ ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্যোক্তা, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাইনুদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।