জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দু-মুসলমানের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। অতীতে ঈদ ও পূজা ছিল সবার উৎসব। ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের মধ্যে কোনো বিভেদ ছিল না। সেই সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখে সবাইকে একসঙ্গে চলতে হবে।
তিনি বলেন, ‘আমি যত দিন বেঁচে আছি, আমার হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন। কেউ হুমকি-ধমকি দিলে কিংবা বাঁকা চোখে তাকালে আমাকে ফোন করবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৭-১৮ বছর হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এখন সবার নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, ভোট দেওয়া সব মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, নাটোর সদর ও নলডাঙ্গা তাঁর নির্বাচনী এলাকা। এ এলাকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কিংবা হিন্দু সম্প্রদায়ের কাউকে ভয়ভীতি দেখালে তা সহ্য করা হবে না। এমন অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়।
নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।
অন্যদিকে, নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতাকর্মীরা।