সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। মামলাটি আদালতে গড়ালে বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, অপরাধের গুরুতরতা এবং মসজিদের পবিত্রতা ও বিশেষ মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এ ঘটনায় মসজিদের পবিত্রতা রক্ষা এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি সরকার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন কার্যকর করার ক্ষেত্রে সরকার অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।