পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৬টি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার টাকা।
দিনব্যাপী এ অভিযান উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়রামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দ করা জাল নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জালের ব্যবহারে দেশীয় মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে। এর ফলে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজমসহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মচারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরুইয়া মমতাজ জানান, জনস্বার্থে এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।