আইনজীবী হিসেবে পেশাজীবনে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিচ্ছে সরকার। ৩৫ বছর বয়স পেরিয়ে গেলে আর কেউ আইনজীবী হতে পারবেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী ও নবাগতদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ভবিষ্যতে আইন পেশার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনজীবীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। আইন পেশাকে এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে, যাতে মানুষ আইনজীবীর কাছে গেলে একজন জ্ঞানী ও দক্ষ ব্যক্তির পরামর্শ পাওয়ার আস্থা রাখতে পারেন।
তিনি আরও বলেন, শুধু আইন সম্পর্কে জানলেই একজন ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়। আইনের পাশাপাশি অর্থনীতি, রসায়ন, নৃবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বহুমুখী জ্ঞান একজন আইনজীবীকে আরও দক্ষ ও যোগ্য করে তুলবে।
আইন পেশায় নৈতিকতার গুরুত্ব তুলে ধরে আসাদুজ্জামান বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু শিক্ষা ও জ্ঞানে সমৃদ্ধ হলেই চলবে না, নীতি-নৈতিকতার প্রতিও গুরুত্ব দিতে হবে। একজন আইনজীবী দক্ষ হওয়ার পরও যদি মক্কেলের কাছ থেকে কীভাবে বেশি অর্থ আদায় করা যায়, সেই চিন্তায় ব্যস্ত থাকেন, তাহলে তাঁকে আদর্শ আইনজীবী বলা যায় না।
আইনমন্ত্রী বলেন, আইন পেশায় অর্থের প্রতি অতিরিক্ত লোভ ও অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বন্ধ করতে হবে। পেশাগত দক্ষতার পাশাপাশি সততা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আইনজীবীদের নিজেদের মর্যাদা ধরে রাখতে হবে।